Thursday, May 9, 2013

সাকা, নিজামী ও কাদের মোল্লাকে ঘিরে বাড়তি নিরাপত্তা

 

গাজীপুর: গাজীপুর জেলা ও কাশিমপুর কারাগারে শীর্ষ যুদ্ধাপরাধী সাকা চৌধুরী, মতিউর রহমান নিজামী ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কাদের মোল্লা বন্দি রয়েছেন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর যুদ্ধাপরাধ মামলায় অভিযুক্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের মামলার রায় ঘোষণা উপলক্ষে সারা জেলায় সতর্কাবস্থায় রয়েছে পুলিশ। পুলিশ ও র‌্যাবের পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশকেও(বিজিবি)।

সংশ্লিষ্ট সূত্রমতে, গাজীপুর জেলা কারাগারে আটক আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য যুদ্ধাপরাধ মামলার আসামি সালাউদ্দিন কাদের চৌধুরী সাকা চৌধুরী। ঢাকা কেন্দ্রীয় কারাগার কাশিমপুর পার্ট-১ এ জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, পার্ট-২ এ যাবজ্জ্বীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লা বন্দি রয়েছেন।

মামলায় হাজিরা থাকার কারণে কাশিমপুর পার্ট-২ থেকে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীকে মঙ্গলবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেলার সুভাষ চন্দ্র ঘোষ জানান, কারাগারের এ আলোচিত আসামিদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে শীর্ষ যুদ্ধাপরাধীদের অনেকে গাজীপুর জেলা ও গাজীপুর মহানগরের কাশিমপুর কারাগারে আটক থাকা এবং কামারুজ্জামানের মামলার রায় উপলক্ষে সারা জেলায় সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। সার্বক্ষণিকভাবে র‌্যাব রাস্তায় টহল দিচ্ছে। অফিস, আদালত, শিল্প প্রতিষ্ঠান ও কারাগারসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হরতাল ও রায় উপলক্ষে যে কোনো নাশকতা ঠেকাতে প্রয়োজনীয় নিরাপত্তার সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন।

গাজীপুর মহানগরে কর্তব্যরত জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

No comments:

Post a Comment