ঢাকা: মতিঝিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান সম্পর্কে গুজব ছড়িয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের পিআইডিতে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
হাসানুল হক ইনু বলেন, “মতিঝিলের শাপলা চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে গুজব ছড়িয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে।”
তিনি বলেন, “বিশ্বের অন্যান্য দেশের প্রাকৃতিক দুর্যোগ ও গণহত্যার ছবি মতিঝিলের ছবি হিসেবে প্রচার করা হচ্ছে। বিএনপি নেতা এম কে আনোয়ারও এ ব্যাপারে মিথ্যাচার করেছেন।”
ইনু বলেন, “হেফজতের সমাবেশ শেষে হাজার হাজার মানুষ নিহত হওয়ার যে দাবি ও ফেসবুকে যে প্রচারণা চলছে তা মিথ্যা।”
দিগন্ত ও ইসলামিক টিভি বন্ধের ব্যাপারে তিনি বলেন, “দিগন্ত ও ইসলামিক টিভি ছাড়া সবাই বস্তুনিষ্ঠ খবর প্রকাশ করেছে। মিডিয়ার এই যুগে কোনো কিছুই ধামাচাপা দেওয়া যায়না।”
বিএনপি ও ১৮ দলের নেতাদের প্রতি আহ্বান জানিয়ে ইনু বলেন, “হাজার হাজার লোক নিহত হয়ে থাকলে তাদের নামের তালিকা ও ছবি প্রকাশ করুন।”

No comments:
Post a Comment