Sunday, May 19, 2013

তাজরীনের মালিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

 

ঢাকা: তাজরীন ফ্যাশনের মালিক দেলোয়ার হোসেন যেন দেশত্যাগ করতে না পারেন, সে বিষয়ে নির্দেশনা জারি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়াও আগামী ৩০ মে দেলোয়ার হোসেনকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনর বেঞ্চ রোববার এ আদেশ দেন।

স্বরাষ্ট্র সচিব এ বিষয়ে একটি নির্দেশনা দেশের বিভিন্ন পয়েন্টে জারি করবেন।

এছাড়া এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির রিপোর্ট দাখিলের নির্দেশও দেন আদালত।

একই সঙ্গে সাভারের নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনের ইচ্ছাকৃত অবহেলায় অগ্নিকাণ্ডে ১১২ শ্রমিক নিহতের ঘটনায় মালিক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করে কেন আইনগত  ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন বিএম ইলিয়াস কচি ও ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল  বিশ্বজিত রায়।

গত ২৮ এপ্রিল রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি করেন নাজনীন আক্তার বানু, সাইয়েদা গুলরুক কামাল ও মাহমুদুল হাসান।

রিট  বিবাদীরা হচ্ছেন, স্বরাষ্ট্র সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বিজিএমইএ’র প্রেসিডেন্ট, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, সাভার জোনের সহকারী পুলিশ সুপার, আশুলিয়া থানার ওসি, তাজরীন ফ্যাশনের মালিক দেলোয়ার হোসেন,  দমকল বাহিনীর মহাপরিচালক ও ডেপুটি পরিচালক।

প্রসঙ্গত, ঢাকার সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় একটি পোশাক কারখানায় গত বছরের ২৪ নভেম্বর  রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তোবা গ্রুপের তাজরীন ফ্যাশন লিমিটেড নামের ওই পোশাক কারখানার নয়তলা ভবনের নিচতলার গুদামে আগুন লাগে। ধীরে ধীরে তা নয়তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এ সময় ওই কারখানায় বিপুল সংখ্যক শ্রমিক কাজ করছিলেন।

অগ্নিকাণ্ডের ওই ঘটনায় ১১২ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।

No comments:

Post a Comment