Thursday, May 16, 2013

রাসিকে ৬ মেয়র প্রার্থীকে বৈধ ঘোষণা

রাজশাহী: আসন্ন ১৫ জুন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ৬ জন মেয়র প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে সংরক্ষিত ১০টি ওয়ার্ডের ৬৯ জন প্রার্থীর মধ্যে ৬৭ জনকে বৈধ এবং ত্রুটির কারণে ২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৫টায় প্রার্থীতা বাছাইয়ের প্রথম দিনে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সুভাষ চন্দ্র সরকার এ ঘোষণা দেন।

মেয়র পদে বৈধ প্রার্থীরা হলেন- সাবেক মেয়র আওয়ামী লীগের রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, বিএনপির মহানগর সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর যুবদলের আহ্বায়ক মোসাদ্দেক হোসেন বুলবুল, জামায়াতের রাজশাহী মহানগরীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, স্বতন্ত্র মীর মোজম্মেল আলী ও সচেতন নাগরিক সমাজের হাবিবুর রহমান। নির্বাচনে এ ৬ জন প্রার্থীই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

এদিকে, সংরক্ষিত মহিলা কাউন্সিলরের ১০টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থীর মধ্যে ত্রুটি থাকায় দুই জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং অফিসার সুভাষ চন্দ্র সরকার বাংলানিউজকে জানান, বাছাই প্রক্রিয়ায় ত্রুটিপূর্ণ মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে। এ ক্ষেত্রে যাদের মনোনয়নপত্র বাতিল করা হবে তারা আপিলের জন্য ১৬ মে তারিখের পর তিনদিন সময় পাবেন।

ওই সময়ের মধ্যে আপিল কর্তৃপক্ষ বরাবর অবশ্যই আপিল আবেদন দাখিল করতে হবে। আবেদনের পরবর্তী তিনদিনের মধ্যে আপিল নিষ্পত্তির শুনানি হবে। অনুষ্ঠিতব্য রাসিক নির্বাচনের আপিল কর্তৃপক্ষ হিসেবে রাজশাহী বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন এ ব্যাপারে সিদ্ধান্ত দেবেন।

প্রসঙ্গত, তফসিল অনুযায়ী, ১৫ ও ১৬ মে মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে এবং প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ২৭ মে। সব শেষ আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে নির্বাচন। এতে ২ লাখ ৮৬ হাজার ৯১৭ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।

No comments:

Post a Comment