ঢাকা: আগামীতে বিরোধী দলের যে কোনো বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিস্থিতি নিজ নিজ এলাকায় রাজনৈতিকভাবে মোকাবিলায় প্রস্তুত থাকতে আওয়ামী লীগের জেলা নেতাদের নির্দেশ দিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বর্ধিত সভায় তিনি জেলা নেতাদের এ নির্দেশ দিয়েছেন বলে সভা সূত্রে জানা গেছে।
তিনি বলেন, “তারা (বিরোধী দল) আরো বিশৃঙ্খলা, ষড়যন্ত্র করতে পারে। নিজ নিজ এলাকার পরিস্থিতি নিজেদেরকেই রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। বিশৃঙ্খলার বিরুদ্ধে জনগণকে সংগঠিত করতে হবে।”
এদিকে সভায় আওয়ামী লীগের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ প্রধান বিরোধী দল বিএনপির তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবির ব্যাপারে নেতিবাচক মনোভাব দেখিয়েছে বলেও জানা গেছে।
বাতিল হয়ে যাওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় আর ফিরে না যাওয়ার পক্ষে মনোভাব ব্যক্ত করেছেন তারা।
সূত্র আরো জানায়, সভায় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা নেতাদের যে কোনো পরিস্থিতি রাজনৈতিকভাবে মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন।
এ সময় তিনি নির্বাচনের প্রস্ততি নেওয়ার জন্য দলের নেতাদের নির্দেশ দেন। সেই সঙ্গে সংগঠন গোছানোরও তাগিদ দিয়েছেন।
তিনি বলেন, “আগামী নির্বাচনে নানাভাবে যাচাই-বাছাই করে দলের প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। শুধু ভালো সংগঠক হলেই হবে না, জনপ্রিয় হতে হবে। ভোট ভালো পাওয়ার, বিজয়ের নিশ্চয়তা যার বেশি থাকবে তাকেই মনোনয়ন দেওয়া হবে। ৯১ সালের নির্বাচনে রাজনৈতিক মূল্যায়ন করতে গিয়ে অনেক আসন হারিয়েছি।”
এ সময় তিনি মাঠ পর্যায়ের জরিপের বিষয় উল্লেখ করে তিনি বলেন, “আমার কাছে শুধু সরকারি গোয়েন্দাদের জরিপ রিপোর্ট আছে মনে করার কিছু নেই। অন্যভাবেও জরিপ রিপোর্ট সংগ্রহ করেছি। মনোনয়ন না পেলে দুই একজনের মন হয়তো খারাপ হবে তাতে কিছু আসে যায় না। প্রতিপক্ষ কে হবে সেটাও মূল্যায়ন করা হবে মনোনয়নের ক্ষেত্রে। আসন হারাতে চাই না।”
সূত্র জানায়, সভায় প্রধানমন্ত্রী হেফাজতের ব্যাপারে নেতাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “তারা যেন মানুষকে বিভ্রান্ত করতে না পারে। যদিও তারা নিজেরাই বিভ্রান্ত হয়ে গেছে। বিএনপি তাদের ভালোভাবেই বিভ্রান্ত করতে পেরেছে।”

No comments:
Post a Comment