Tuesday, May 21, 2013

বিএনপির বহিষ্কৃত ও নিষ্ক্রিয়রা ডাকের অপেক্ষায়

ঢাকা: বিএনপির জন্য কাজ করতে আগ্রহী দলটির বহিষ্কৃত ও নিষ্ক্রিয় নেতারা। দলের ডাক পেলেই সক্রিয় হবেন তারা।
এদের মধ্যে আছেন- আলমগীর কবির, মেজর জেনারেল (অব.) জেড এ খান, অধ্যাপক রেজাউল করিম, আশরাফ হোসেন, সরদার সাখাওয়াত হোসেন বকুল, জহির উদ্দিন স্বপন, আবু হেনা, শহীদুল হক জামাল, জিয়াউল হক জিয়া, আতাউর রহমান আঙ্গুর, নুরুল ইসলাম মনিসহ প্রায় অর্ধশত সাবেক এমপি ও সিনিয়র নেতা। এমনকি নতুন দল গড়া ব্যারিস্টার নাজমুল হুদাও ডাক পেলেই সক্রিয় হবেন বিএনপিতে।বিএনপির এসব নেতা বলেন, আমরা এখনও দলেরই আছি। শুধু দল দায়িত্ব থেকে দূরে রাখার কারণেই কেন্দ্রে নিষ্ক্রিয় থাকছি। শীর্ষ নেতা ডেকে দায়িত্ব দিলে আমরা কাজ করতে আগ্রহী।

তবে কেন্দ্রে সক্রিয় না থাকলেও নির্বাচনী এলাকায় বিএনপির পক্ষে প্রচারণা চালাচ্ছেন দাবি করে তারা বলেন, দলের দু:সময়ে পাশে থাকতে চাই। এখন ডাকের অপেক্ষায় আছি।

“বিএনপিতে এখনও  আছি” দাবি করে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা  বলেন, “প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিএনপিতে আছি। প্রতিষ্ঠাকালীন স্থায়ী কমিটির সদস্য ছিলাম। দলের প্রতি আমার অনেক দরদ।”

বাংলানিউজকে তিনি বলেন, “ম্যাডাম (খালেদা জিয়া) যে কোনো সময় যে কোনো দায়িত্ব দিলে তা পালন করবো।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিএনপির দুর্দিন বলতে কিছু নেই। ভুলের কারণে সমস্যার সৃষ্টি হয়েছে। এই সংকট কাটিয়ে উঠতে ঐক্য দরকার।”

ডেকে দায়িত্ব দিলে আগের মতই কাজ করবেন জানিয়ে বিএনপির সাবেক যুগ্ম-মহাসচিব আশরাফ হোসেন বলেন, “প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপির সঙ্গে ছিলাম, এখনও আছি। আমরা দলের ভালোর জন্য সংস্কারের কথা বলেছিলাম-এটাই অপরাধ হয়েছে। দল থেকে করা হয়েছে বহিষ্কার। তারপরেও দলে আছি।”

তিনি বলেন, “নেত্রীর ডাক পেলেই দলের অন্তত ৫০ জন নেতা সক্রিয় হওয়ার অপেক্ষায় আছেন। সম্মানজনক স্থানে বসালে সবাই ভালোভাবে কাজ করবেন।”

বর্তমানে নিষ্ক্রিয় থাকা সাবেক এমপি জহিরউদ্দিন স্বপনও একই কথা বলেন ।

তিনি বলেন, “দলের পক্ষ থেকে যেখানে যখন যে দায়িত্ব দেওয়া হবে তা পালন করবো।”

স্বপন বলেন, “ডাকের অপেক্ষায় আছি। দলের অনেক নেতা, যারা নিষ্ক্রিয় আছেন, তাদের সবাইকে কাজে লাগানো দরকার।”

নিজের নির্বাচনী এলাকায় দলের পক্ষে প্রচারণা চালাচ্ছেন- বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) জেড এ খান। প্রতি মাসেই তার নিবার্চনী এলাকা মিরেরসরাই যান তিনি।

জেড এ খান বাংলানিউজকে বলেন, “বিএনপিতেই আছি। দলের জন্য কাজও করছি। দলের যে কোনো সঙ্কটে ডেকে  দায়িত্ব দিলে অবশ্যই পালন করবো।”

No comments:

Post a Comment