Saturday, May 18, 2013

‘ব্রাজিলে শ্রমিক রফতানিতে সরকারের অনুমতি নেই’: বেগম শামছুন্নাহার

 


ঢাকা: ব্রাজিলে শ্রমিক রফতানিতে সরকার অনুমতি দেয় না  বলে জানিয়েছেন জনসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামছুন্নাহার।শনিবার সকালে সিডাব্লিউডিসি মিলনায়তনে নারী অভিবাসী বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ‘বুধবার ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া থেকে অবৈধভাবে প্রবেশ করা ৮০ জন বাংলাদেশি উদ্ধার’ প্রসঙ্গে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ অভিবাসী মহিলা অ্যাসোসিয়েশন এ সেমিনার আয়োজন করে।শামছুন্নাহার বলেন, “ব্রাজিলে উদ্ধার হওয়া শ্রমিকদের কাছে যদি বাংলাদেশ সরকারের দেওয়া স্মার্টকার্ড পাওয়া যায়, তবে সেটা তারা অন্য কোনো দেশে যাওয়ার জন্য নিয়েছিল এবং সে দেশ থেকেই ব্রাজিলে যায় তারা।”

উদ্ধার হওয়া ৮০ জন বাংলাদেশি নাগরিককে যে কোনো মূল্যে দেশে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বাংলাদেশি এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জনসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক।

শামছুন্নাহার বলেন, “বিদেশে যাওয়া শ্রমিকদের তালিকা সরকারের কাছে থাকলেও ফিরে আসা শ্রমিকদের কোনো তালিকা নেই। তবে আগামী ছয় মাসের মধ্যে ফিরে আসা শ্রমিকদের তালিকা তৈরি করার ব্যবস্থা নেবে সরকার।”

নারী অভিবাসী প্রসঙ্গে তিনি বলেন, “একজন নারীকে বিদেশে পাঠানোর আগে আমরা ২১ দিনের একটি প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ করে তোলার চেষ্টা করি।”

অনুষ্ঠানের অতিথি সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লব বলেন, “মধ্যপ্রাচ্যের যেসব দেশে বাংলাদেশি নারী শ্রমিকরা যান, সেসব দেশের বাংলাদেশ দূতাবাসগুলোতে তাদের অসুবিধার কথা শোনার মতো কোনো কর্মকর্তা নেই।”

এই সমস্যা সমাধানে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে নারী কর্মীদের তত্ত্বাবধানে একটি পরামর্শ বা সাহায্য সেল গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বিপ্লব বলেন, “আমাদের দেশের শ্রমিকদের সমস্যার কথা বললে সরকার বিরক্ত হন। অথচ বিদেশের সমস্যার কথা শুনলে সরকার দ্রুত পদক্ষেপ নেন। এই মানসিকতা থেকে বেরিয়ে আসা উচিৎ সরকারের।”

এছাড়া সেমিনারে আয়োজক সংগঠনের পরিচালক সুমাইয়া ইসলাম, সভাপতি লিলি জাহান প্রমুখ বক্তব্য রাখেন।

No comments:

Post a Comment