Friday, May 17, 2013

অভিনেত্রী বটে, নাটকের নাম জানেন না স্বাগতা!


মেগা সিরিয়ালের শুটিংয়ে কলকাতা যাচ্ছেন অভিনেত্রী জিনাত সানু স্বাগতা। কিন্তু নাটকের নাম, গল্প বা নিজের চরিত্র সম্পর্কে কিছুই জানেন না তিনি।
এ বিষয়ে স্বাগতা গ্লিটজকে বলেন, “১০ জুন  থেকে এশিয়ান টিভির একটা মেগা সিরিয়ালের শুটিং করার জন্য কলকাতা যাচ্ছি আমি। সিরিয়ালটি কলকাতার সঙ্গে এশিয়ান টিভির যৌথ প্রযোজনা। সিরিয়ালটির পরিচালনা করছেন লাবু ভাই।”

তিনি আরও বলেন, “নাটকের নাম, গল্প বা আমার চরিত্র সম্পর্কে পরিচালক ভাইয়া সব কিছু জানাতে পারবেন।”

সিরিয়ালটি পরিচালনা করছেন মিজানুর রহমান লাবু। তিনি গ্লিটজকে বলেন, “নাটকের সম্ভাব্য নাম ‘বড়বউ’। এই নামেই আমরা শুটিং শুরু করব, তবে পরবর্তীতে নামের পরিবর্তন হতে পারে।”

মাহমুদ সাজ্জাদ, মুনিরা ইউসুফ মেমী, আমিন খান, নাটকটিতে অভিনয় করছেন বলে জানিয়েছেন পরিচালক লাবু। তবে চিত্রনাট্য কে করেছেন তা সঠিক করে বলতে পারেননি তিনি।

এ বিষয়ে লাবু আরও বলেন, “চিত্রনাট্য করেছেন সম্ভবত সালমান রায়হান। আমি পুরো স্ক্রিপ্ট পাইনি। যেটুকু দেখেছি তা থেকে বলা যায় এটি ফ্যামিলি ড্রামা ধরনের।”

নাটকটি প্রযোজনা করছে মে মাস থেকে সম্প্রচার শুরু করা এশিয়ান টিভি। উদ্বোধনী অনুষ্ঠানে তারা ঘোষণা দিয়েছিল, কলকাতাভিত্তিক কোনো টিভির সঙ্গে যৌথ প্রযোজনায় অনুষ্ঠান নির্মাণ করবে। এই মেগা সিরিয়ালটি সেই উদ্যোগেরই একটা অংশ বলে জানিয়েছেন পরিচালক লাবু ও স্বাগতা।

No comments:

Post a Comment