Friday, May 17, 2013

আর পিছিয়ে নেই বাংলাদেশ : ইনু


 

ঢাকা: তথ্য প্রযুক্তির বিপ্লবে যুক্ত হয়ে বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই বলে মন্তব্য করেছেন
তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু।

শুক্রবার সকালে কমার্স কলেজের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এ সময় “তথ্য প্রযুক্তির বিপ্লবের মহাসড়কে প্রবেশ না করলে দেশ উন্নয়ন থেকে পিছেয়ে পড়ত” বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “প্রকৃত মানুষ হতে হলে আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ইতিহাসে যারা বীর ছিল তাদের প্রতি সব সময় শ্রদ্ধা রাখতে হবে। একইসঙ্গে জঙ্গিবাদ, বোমাবাজি ও সাম্প্রদায়িকতাকে ঘৃণা করতে হবে।”

ইনু বলেন, “জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা হল কাঁটার মতো। পায়ে কাঁটা ‍ফুটলে বের করার সময় যেমন ব্যাথা পেতে হয়, এদের উৎখাত করতে হলেও ব্যাথা পেতে হবে। এবং তা ‍আমাদের সহ্য করতে হবে।”

ইনু বলেন, “পাশাপাশি আমাদের সিদ্ধান্ত নিতে হবে ক্ষমতা এবং মুনাফার আগে মানুষ। রাজনীতিবিদদেরও মনে রাখতে হবে- এই মানুষদের নিয়েই আমাদের দেশের রাজনীতিকরা রাজনীতি করে আসছেন। যতদিন দেশে এই মানুষ থাকবে ততদিন রাজনীতি এবং রাজনীতিবিদরা থাকবেন।”

যুদ্ধাপরাধীদের প্রসঙ্গে ইনু বলেন, “স্বাধীনতার দীর্ঘ ৪১ বছর পরও এ দেশে মুনাফাখোর এবং  সাম্রাজ্যবাদীরা আধিপত্য বজায় রাখার চেষ্টা করছে। ৭১’এ যারা দেশের জন্য যুদ্ধ করে লাল-সবুজ পতাকা ছিনিয়ে এনেছিল, এক শ্রেণির মানুষ তাদেরই হত্যার জন্য রাতের আঁধারে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করে নির্মমভাবে হত্যা করেছিল। ঘৃণিত এই অপরাধ করেছিল বলে আমরা তাদেরই যুদ্ধাপরাধী বলছি। আমাদের যুদ্ধাপরাধীদের ঘৃণা করতে হবে এবং এদেশের মাটিতেই তাদের বিচারের মুখোমুখি করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন অর রশিদ, কমার্স কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিকী প্রমুখ বক্তব্য রাখেন।

No comments:

Post a Comment