মেহেরপুর: দারিদ্রের নির্মম কষাঘাত সইতে হয়েছে প্রতিনিয়ত। প্রতিবন্ধকতা দেখা দিয়েছে পদে পদে। তবুও দমে যায়নি শোভা। শত অভাবেও ছেড়ে দেয়নি পড়াশোনা। সানজিদা আক্তার শোভা তারই পুরস্কার পেয়েছে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে।
শোভা এবার যশোর বোর্ডের অধীনে গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বাণিজ্য বিভাগ থেকে জিপিএ- ৫ পেয়েছে।
জোড়পুকুরিয়া গ্রামের নুরুল ইসলাম ও ফেরদৌসি খাতুনের ছোট মেয়ে সানজিদা আক্তার শোভা । বরাবরই ছাত্রী হিসেবে ভাল। কিন্তু সামর্থ্যের অভাবে প্রাইভেট পড়তে না পেরে অন্যকে প্রাইভেট পড়িয়ে সে টাকায় নিজে কিছুদিন প্রাইভেট পড়েছে সে।
তার বাবা নুরুল ইসলামের নিজের কোনো জমিজমা নেই। অন্যের জমি বর্গা নিয়ে কোনমতে সংসার চালান তিনি। তবুও ছেলে-মেয়ের লেখাপড়া বন্ধ করেননি।
শোভার বাবা নুরুল ইসলাম বাংলানিউজকে জানান, নিজেরা না খেয়ে ছেলে মেয়েদের খাবারের ব্যবস্থা করেছেন তিনি।
শোভার মা ফেরদৌসি খাতুন জানান, মেয়ে ভাল করেছে এতে তারা অত্যন্ত খুশির হরেও এরপর মেয়েকে কিভাবে কলেজে পড়াবেন এ নিয়ে দুশ্চিন্তায় আছেন।
শোভা বাংলানিউজকে জানান, ভবিষ্যতে সে বিচারক হতে চায়।
জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরানী জানান, শোভা বরাবরই ভাল ছাত্রী। তার যতটুকু সুযোগ দেওয়া প্রয়োজন তা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
তবে কলেজে ভর্তি ও ভবিষ্যতে লেখাপড়ার খরচের জন্য সমাজের বিত্তশালীদের সহযোগিতা প্রয়োজন বিলে তিনি জানান।

No comments:
Post a Comment