ঢাকা: মানবতা বিরোধী অপরাধের বিচারে এর আগের তিনটি রায়ের
মতো এবার কামারুজ্জামানের রায় নিয়েও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে দেশের
প্রধান বিরোধীদল বিএনপি। বৃহঃস্পতিবার দুপুরে কামারুজ্জামানের
মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপর দলটির নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে রায়ের
বিষয়ে তাদের উল্লেখযোগ্য কোনো মত পাওয়া যায়নি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘‘আমি আইনজীবী নই। তাই বিচার ও রায় বিষয়ে কোনো মন্তব্য করার প্রয়োজন নেই।’’
বিএনপি নেতা হিসেবে মত জানতে চাইলেও তিনি বলেন, ‘‘এ বিষয়ে দলের হয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’’
দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মঈন খান বলেন, ‘‘রায় হয়েছে, এতে আমার মন্তব্যের কিছু নেই।’’
স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘‘বিচার চলছে, রায় হচ্ছে, এতে আমার মন্তব্যের প্রয়োজন দেখছি না।’’
স্থায়ী কমিটির অপর সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘‘এই বিষয়ে আমার বলার কিছু নেই।’’
বর্তমানে বিএনপি’র মুখপাত্রের ভূমিকায় থাকা চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, ‘‘ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, এটি খুবই সেনসিটিভ বিষয়। পুরো বিষয়টি আরেকটু বুঝেশুনে মন্তব্য করা ভালো হবে।’’
রায়ের পর প্রতিক্রিয়া জানতে দলের অনেক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়।
এদিকে হরতালের বিকেলে সমাপনী সংবাদ সম্মেলনে এ বিষয়ে দলটির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যাবে বলে আশা করছেন অনেকে। যদিও এর আগের রায়গুলোতে শেষ পর্যন্ত দলটির পক্ষ থেকে প্রতিক্রয়া পাওয়া যায়নি।
দলের গুরুত্বপূর্ণ নেতাদের একজন নাম প্রকাশ না করার শর্তে জানান, রায় নিয়ে মন্তব্য না করার দলীয় সিদ্ধান্ত মেনে চলছেন তারা।
তিনি বলেন, ‘‘এটি অবশ্যই স্পর্শকাতর বিষয়। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে এ নিয়ে কথা বলে ঝামেলায় পড়তে হয়। এছাড়া সরকার রায় নিয়ে মন্তব্যে কোনো না কোনো প্যাঁচ খেলে মামলা দিয়ে দিলেও অবাক হওয়ার কিচ্ছু থাকবে না।’’
এই নেতা আরও বলেন, ‘‘বিচার আমরাও চাই। কিন্তু সরকার নিজেদের ভেতরের যুদ্ধাপরাধীদের পুষে রেখে বিতর্কের জন্ম দিয়েছে।’’
No comments:
Post a Comment