Friday, May 17, 2013

বিএনপি সংসদে যাবে নিজেদের তাগিদেই: মওদুদ


ঢাকা: সরকারের আহ্বানে নয়, বিএনপি জাতীয় সংসদের আগামী অধিবেশনে নিজেদের তাগিদেই যাবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি।
তিনি সরকারের উদ্দেশ্যে বলেছেন, “আপনারা আগে বলেছেন, সংলাপ হবে। এখন সংসদে এসে আলোচনা করার জন্য বলছেন। বিএনপি সংসদে যাবে নিজ তাগিদে, আপনাদের আহ্বানে নয়। সংসদে থাকা নির্ভর করবে আপনাদের আচরণের ওপর। আপনাদের আচরণের ওপরই নির্ভর করবে, আমরা সংসদে থাকবো কি থাকবো না।”

“সংসদে আসার কথা বলবেন, আর আমাদের সাংসদদের গ্রেফতার করবেন, এটা হতে পারে না” বলেও মন্তব্য করেন মওদুদ।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সমাবেশে তিনি এসব মন্তব্য করেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর গুমের ১৩ মাসেও সন্ধান না দেওয়ার প্রতিবাদে এবং দৈনিক আমার দেশ, দিগন্ত টেলিভিশন, চ্যানেল ওয়ান ও ইসলামিক টিভি খুলে দেওয়ার দাবিতে স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ এ সমাবেশের আয়োজন করে।
সংলাপ সম্পর্কে মওদুদ আহমদ বলেন,‘‘সরকার স্ববিরোধিতায় নিয়োজিত। জাতিসংঘের প্রতিনিধি ও বিদেশি চাপে সংলাপের কথা বলেছিল সরকার। এখন বলছে, সংলাপ হবে না। এসব লোক দেখানো কথা।”
সংলাপের কথা বলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেফতার করা হচ্ছে অভিযোগ করে
সংলাপ আর সংঘাতের রাজনীতি একসঙ্গে চলতে পারে না বলেও মন্তব্য করেন মওদুদ।

প্রধানমন্ত্রী বক্তব্যের সমালোচনা করে মওদুদ বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, জনসমর্থন তাদের রয়েছে।
তাহলে কি এতোদিন জনসমর্থন আপনাদের ছিল না? যদি জনসমর্থন থাকে তাহলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিবাচন দিতে এতো ভয় কেন?”

তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে তিনি আরও বলেন, “এ তত্ত্বাবধায়কের জন্য আপনারা ১৭৩ দিন হরতাল করেছেন। দেশে সংঘাত-বিশৃঙ্খলার সৃষ্টি করেছেন। এখন সেই তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন দিতে আপনাদের এতো ভয় কেন?’’

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটি পত্রিকার জরিপের কথা উল্লেখ করে মওদুদ বলেন, “ওই পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ৯০ শতাংশ মানুষ তত্ত্বাবধায়ক চেয়ে মত দিয়েছে। এ নিয়ে বিশ্ব জনমতও সৃষ্টি হয়েছে। যতোই চেষ্টা আর কৌশল করুন না কেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়া ছাড়া আপনাদের আর কোনো উপায় নেই।”

অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করে এর অধীনে নির্বাচন দিতে সরকারের প্রতিও আহ্বান জানান মওদুদ আহমদ।

জাতি গভীর সংকটে আছে উল্লেখ করে মওদুদ বলেন, “এতো গুম, এতো খুন আর কোনো দিন হয়নি। মাহমুদুর রহমানকে গ্রেফতার ও পত্রিকা বন্ধ দেখেই বোঝা যায়, দেশে কোন ধরনের রাজনীতি চলছে।”

সারা দেশ ও পুরো জাতি রাজনৈতিক সংকটে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এসময় স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমত উল্যাহর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান প্রমুখ।

No comments:

Post a Comment