Monday, May 20, 2013

মুচলেকা দিয়ে রাজনীতি করবে না বিএনপি: মঈন

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বিএনপি গণতান্ত্রিক দল। কোনোরকম দাসখত বা মুচলেকা দিয়ে তারা রাজনীতি করবে না। দাসখত মুচলেকা দিয়ে কোনো রাজনীতি হতে পারে না।
সোমবার দুপুরে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে মহিলা দল আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশু রোগ মুক্তি কামনায় এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন রাশেদা বেগম হিরা এমপি।মঈন বলেন, “একটি গণতান্ত্রিক দেশে অনুমতি নিয়ে রাজনীতি করতে হবে এটা কি করে সম্ভব। আমরা শান্তিপূর্ণ রাজনীতির পথে হেঁটে যাবো।”

মঈন খান বলেন, “দুই-তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতা সরকারের। রিবোধী দল চাইলেও তত্ত্বাবধায়ক ফিরিয়ে আনতে পারবে না। এ বিষয়ে সরকারকেই উদ্যোগ নিতে হবে। এটা একটা রাজনীতির খেলা।”

তিনি বলেন, “আমার শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে তত্ত্বাবধায়ক ফিরিযে আনতে চাই।”

“সম্প্রতি বিভিন্ন জরিপে দেখে গেছে, দেশের ৯০ শতাংশ মানুষ তত্ত্বাবধায়ক সরকার চায়। বিরোধী দল হিসেবে বিএনপিও চায় সভ্য ও শান্তিপূর্ণ পদ্ধতিতে গণতান্ত্রিক নির্বাচন”- বলেন মঈন।

তিনি আরো বলেন, বিশ্বের কোনো সংসদীয় দেশে নির্বাচিত সরকার থাকাকালে নির্বাচনের নজির নেই। বাংলাদেশেও তা হতে পারে না।

মির্জা ফখরুলের রোগ মুক্তির জন্য সবার কাছে দোয়া চান তিনি।

এভাবে বিরোধী দলের নেতা-কর্মীদের আটক করে, অসুস্থ করে বিরোধী দলের রাজনীতি দমিয়ে রাখতে পারবে না বলেও সরকারকে সতর্ক করেন মঈন খান।

মহিলা দল সভাপতি নূরে আরা সাফা’র সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান ও মহিলা দলের উপদেষ্টা সেলিমা রহমান, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

No comments:

Post a Comment