Monday, May 20, 2013

সারা দেশের মানুষ জরুরি অবস্থা অথবা একদলীয় শাসনের আতঙ্কে: বদরুদ্দোজা চৌধুরী


 
বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, সারা দেশের মানুষ জরুরি অবস্থা অথবা একদলীয় শাসনের আতঙ্কে রয়েছে। তিনি সভা-সমাবেশের বিরুদ্ধে আরোপিত সরকারি নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। বি চৌধুরী গতকাল প্রদত্ত এক বিবৃতিতে আহ্বান জানান।
তিনি বলেন, সভা-সমাবেশ বন্ধ করার সরকারের আচমকা সিদ্ধান্তে আমি বিচলিত। দেশের দক্ষিণাঞ্চলে অতীতে এর চেয়েও অনেক প্রলয়ঙ্করী প্রাকৃতিক দুর্যোগ এসেছে। আমরা সেসব দুর্যোগ সাহসের সঙ্গে মোকাবিলা করেছি। ওইসব দুর্যোগের সময় সভা-সমাবেশ নিষিদ্ধ করার প্রয়োজন হয়নি। এতে পরিষ্কার বোঝা যায়, সভা-সমাবেশ নিষিদ্ধ করার সরকারের এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যমূলক। সাবেক এই রাষ্ট্রপতি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগের সময় কোনো জায়গায় সরকারি সাহায্য নিয়ে দুর্নীতি হলে সভা-সমাবেশ না করতে পারলে ওইসব দুর্নীতির প্রতিবাদও করা যাবে না। সব কিছু মিলিয়ে আমি সভা-সমাবেশের বিরুদ্ধে সরকারের উদ্দেশ্যমূলক নীতির তীব্র প্রতিবাদ করছি এবং অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

No comments:

Post a Comment