Friday, May 10, 2013

শ্রম আইন সংশোধন করা হবে: দীপু মনি


ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, “শ্রমিকের স্বার্থ রক্ষার্থে ২০০৬ সালের শ্রম আইন সংশোধন করা হবে। এর ফলে শ্রমবান্ধব আইন তৈরি করা হবে, কারণ বর্তমান সরকার শ্রমিকের স্বার্থবিরোধী কোনো কাজ করবে না।”শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক ঐক্য গার্মেন্টস পরিষদ আয়োজিত মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী শ্রমিকদের উদ্দেশে আরও বলেন, “আপনাদের শ্রম ও ঘামে শিল্প গড়ে ওঠে। তাই আপনারা এমন কিছু করবেন না যাতে করে এই শিল্প বন্ধ হয়ে যায়। এগুলো বন্ধ হলে দেশের ক্ষতি হবে এবং আপনাদের-আমাদের কর্মসংস্থানের সুযোগ বন্ধ হয়ে যাবে।”

তিনি আরও বলেন, “সরকার শিল্প ও শ্রমিকদের স্বার্থ রক্ষা করে আইনের সংশোধন করবে। শেখ হাসিনার সরকার সব সময় শ্রমবান্ধব আইন তৈরিতে বিশ্বাসী।”

মন্ত্রী বলেন, “সরকার উৎখাতের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। ছোট ছোট বাচ্চাদের মাঠে (রাজনৈতিক কর্মসূচি) নামানো হচ্ছে। কোরআন শরিফে আগুন দেওয়া হচ্ছে। আপনারা এসব কর্মকাণ্ড সমন্ধে সচেতন থাকবেন। তাহলে দেশ এগিয়ে যাবে, জাতি সমৃদ্ধশালী হবে।”

দীপু মনি আরও বলেন, “বিগত চার বছরে দেশ অনেক দিক দিয়ে এগিয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও নারী উন্নয়ন দেশের অভূতপূর্ব উন্নয়ন করেছে।”

সংগঠনের সমন্বয়ক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা. ওয়াজেদুল ইসলাম খান। এছাড়া আয়োজক সংগঠনটির নেতাকর্মীরা আলোচনা সভায় অংশ নেন।

No comments:

Post a Comment