হবিগঞ্জ: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে দুই ধান কাটা শ্রমিক নিহত ও পাঁচ শ্রমিক আহত হয়েছেন।বুধবার ভোর পাঁচটার দিকে উপজেলার মীরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নাটোর জেলার লালপুর উপজেলার মনিহারপুর গ্রামের ইয়ার উদ্দিনের ছেলে ইউনুস মিয়া (৪৫) ও রাজশাহী জেলার বাঘা উপজেলার আশরাফপুর গ্রামের খলিল মিয়ার ছেলে বক্কর মিয়া (২৮)।
আহতরা হলেন, নাটোর জেলার লালপুর উপজেলার মনিহারপুর গ্রামের হাশেম (৫০), একই গ্রামের গাজী মিয়া (৫৫), বিলাল মিয়া (৩০), রাজশাহী জেলার বাঘা উপজেলার আশরাফপুর গ্রামের কাদের মিয়া (৫০) ও জিয়াউল (৩২)।
আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ও আহতরা ধান কাটা শ্রমিক হিসেবে কাজ করতে ২২ দিন আগে হবিগঞ্জের নবীগঞ্জে আসেন। কাজ শেষে বুধবার ভোরে একটি ট্রাকযোগে ধানবোঝাই করে বাড়ি ফিরছিলেন। ট্রাকটি মাধবপুর উপজেলার মীরনগর এলাকায় পৌঁছালে একটি চাকা পাংচার হয়ে যায়।
এ সময় দাঁড়ানো অবস্থায় ট্রাকটিকে পেছন থেকে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে সংঘর্ষে ঘটনাস্থলেই শ্রমিক ইউনুস মিয়া (৪৫) নিহত হন। গুরুতর আহত অবস্থায় বক্কর মিয়াকে (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন ঘটনাস্থলে গিয়ে নিহত ইউনুসের লাশ উদ্ধার করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
No comments:
Post a Comment