ঢাকা: ডিসেম্বরে অথবা এর আগেই জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার দুপুরে আইডিইবি মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নাসিম বলেন, “সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হবে। তবে কেউ উত্তম প্রস্তাব দিলে আলোচনা হতে পারে।”
সংসদের বাইরে আলোচনার পথ বিএনপি বন্ধ করে দিয়েছে মন্তব্য করে মোহাম্মদ নাসিম বলেন, “শেখ হাসিনা উদারতা দেখিয়েছিলেন। কিন্তু বেগম জিয়া তাকে দুর্বলতা ভেবে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন। নাটক বলে মন্তব্য করেছেন। এরপর হেফাজতের নামে যে তাণ্ডব হয়েছে, আর তাদের বিশ্বাস করা যায় না।”
এখন শুধু সংসদে আলোচনা হতে পারে মন্তব্য করে নাসিম বলেন, “সংসদে এসে প্রস্তাব দেন। দেশবাসী দেখুক। গ্রহণযোগ্য হলে তা মেনে নেওয়া হবে। হুমকি দিয়ে কোন কাজ হবে না।”
বিএনপি বাধ্য হয়ে সুর নরম করেছে বলেও মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রীর বক্তব্যে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে মন্তব্য করে তিনি বলেন, “সারাদেশে কোথাও সভা সমাবেশে নিষেধাজ্ঞা জারি করা হয় নি। পারমিশন নিয়ে সভা সমাবেশ হতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস নোটের পর দ্বিধা কেটে গেছে।”
রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবেই মোকাবেলা করা উচিত মন্তব্য করে তিনি বলেন, “রাজনৈতিক সমস্যা প্রশাসন দিয়ে মোকাবেলা করা যায় না। আওয়ামী লীগ গণতান্ত্রিক দল, তাই গণতন্ত্র বিপন্ন হোক এমন কোন কাজ করা হবে না।”
তিনি বলেন, “সম্প্রতি কিছু ঘটনায় দেশবাসী উদ্বিগ্ন। তাই পূর্বানুমতির বিষয়টিতে কড়াকড়ি করা হয়েছে। অনুমতি নিয়ে যে কেউ সভা সমাবেশ করতে পারবে।”
ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিম’র সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- জাসদ কেন্দ্রীয় কিমিটির সহ-সভাপতি মীর হোসাইন আক্তার, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুণ চৌধুরী প্রমুখ।

No comments:
Post a Comment