ঢাকা: রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যান ও
ট্রাকের ধাক্কায় চারজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর
তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাতরাস্তা মোড়ে তিনজন এবং মহাখালি ওভারব্রিজের
নিচে একজন নিহত হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. মোজাম্মেল হক জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক সোয়া একটা থেকে দেড়টায় সাতরাস্তা মোড়ে একটি কাভার্ড ভ্যান নির্মাণাধীন ওভারব্রিজের বাউন্ডারি দেয়াল বরাবর ঢুকে পড়ে। কাভার্ড ভ্যানের ধাক্কায় ভেতরে কর্মরত শ্রমিক ও পথচারীসহ ৯জন গুরুতর আহত হন।
আহত ৯ জনকে ঢাকা মেডিকেল কলেজে জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। আহত ৬ জন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন।
সাতরাস্তা ফ্লাইওভারের কাজে নিয়োজিত মো. লিটন জানান, গাড়িটির আসা দেখে মনে হয়েছে ড্রাইভার মাতাল অবস্থায় চালাচ্ছিল।
চালককে আটক করতে না পারলেও জনতার সহায়তায় ভ্যানটি আটক করেছে তেজগাঁও শিল্পাঞ্চল পুলিশ। ডিউটি কর্মকর্তা মো. তৌহিদ জানান, গাড়িটির নম্বর ঢাকা-মেট্রো-চ-১১-৪৬৯৬।
পৃথক আরেকটি ঘটনায় খিলক্ষেত ওভাব্রিজের নিচে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী মো. রবিউল (৪২) মারা গেছেন।
নিহত রবিউলের পিতা মো. ফারুক হোসেনের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। রবিউল ঢাকায় মহাখালীতে বসবাস করতেন। রাত সোয়া ১২টায় খিলক্ষেত ওভারব্রিজের নিচে ট্রাকটির ধাক্কায় রবিউল গুরুতর আহত হন।
পথচারী মাজহারুল তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রবিউলের পকেটে মোবাইল ফোন পাওয়ায় পুলিশ ক্যাম্প ইনচার্জ নাম-পরিচয় শনাক্ত করেন।

No comments:
Post a Comment