সাভার (ঢাকা) : আশুলিয়া শিল্পাঞ্চলের তৈরি পোশাক কারখানাগুলো খুলে দেওয়া হয়েছে। শ্রমিকরা সকাল থেকে কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।
শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত সরেজমিনে দেখা গেছে, শিল্পাঞ্চলের ডিইপিজেডসহ আশুলিয়ার পল্লী বিদ্যুৎ, পলাশবাড়ী, বাইপাইল, জিরানি, জামগড়া, নরসিংহপুর, জিরাবো, ঘোষবাগ, শ্রীপুর ও কবীরপুরসহ সব এলাকার কারখানা খোলা হয়েছে। কোথাও কোনো প্রকার শ্রমিক অসন্তোষ লক্ষ্য করা যায়নি।
এ বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশের পরিচালক মুস্তাফিজুর রহমান জানান, মালিকপক্ষের সম্মতিক্রমে সকাল থেকেই বিশেষ ব্যবস্থায় আশুলিয়া শিল্পাঞ্চলের বন্ধ কারখানাগুলো খোলা রয়েছে এবং শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছে।
এছাড়া যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গার্মেন্ট কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি র্যাব-পুলিশ ও বিজিবিকে টহল অবস্থায় রাখা হয়েছে।
উল্লেখ্য, শ্রমিক হত্যার বিচার ও বেতন-ভাতা বৃদ্ধির দবিতে চলমান শ্রমিক আন্দোলনের মুখে তৈরি পোশাকশিল্প মালিকদের কয়েকটি শীর্ষ সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) গত সোমবার আশুলিয়ার সব পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল।

No comments:
Post a Comment